মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং’ প্রদর্শনী। এই মনোমুগ্ধকর প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি শহরের টিটিসি মোড় এলাকায় আয়োজিত এ প্রদর্শনীতে তিনি উপস্থিত থেকে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
সাংগ্রাই উৎসবের অন্যতম আকর্ষণ ‘রিলং পোয়ে’-তে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পবিত্রতার বার্তা বিনিময় করে। এ বিশ্বাস অনুযায়ী, জলকেলির মাধ্যমে পুরোনো দুঃখ-গ্লানি ধুয়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
মারমা উন্নয়ন সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিনে অনুষ্ঠিত হয় জলকেলি উৎসব। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ধর্মীয় আচার, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন।
অন্যদিকে, মারমা ঐক্য পরিষদের আয়োজনে এ বছরের সাংগ্রাই উৎসবের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, সাংগ্রাই কেবল একটি উৎসব নয়; এটি মারমা জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নতুন বছরের সহাবস্থানকে আরও সুদৃঢ় করে তোলে।


