বান্দরবান সীমান্তে ‘আরাকান আর্মির’ ৩ বাংলাদেশি সদস্য আটক

বান্দরবান সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের পর তারা বিজিবির কাছে নিজেদের পরিচয় দেয় মিয়ানমারের ‘আরাকান আর্মির’ সদস্য হিসেবে।

কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের যে পরিচয় পাওয়া গেছে সে অনুযায়ী তারা বাংলাদেশেরই নাগরিক। বাংলাদেশ থেকেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির সদস্য হিসেবে প্রশিক্ষণ নেন।

আটক ব্যক্তিরা হলেন-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তাইতংপাড়া এলাকার উয়ইমং মার্মা (২৫), বান্দরবান জেলার রুমা উপজেলার টপাগই পাড়া এলাকার গরাইমং মারমা (৩০) এবং বান্দরবান জেলার রুমা উপজেলার সোনাইছড়ি নয়া পাড়া এলাকার ছেলে হলাচিং থোয়াই মার্মা (২৪)।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘গত এক বছর আগে তারা মিয়ানমারের আরাকান রাজ্যে গিয়ে আরাকান আর্মির প্রশিক্ষণ নেয়। তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি ছিল। দেশে ফেরার পথে বিজিবি তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘সীমান্ত থেকে আটক তিনজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য নেওয়া বন্ধ।