বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম ভূঁইয়া আরিফ।
সময় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষার্থীর জীবনে বাবা-মায়ের পর শিক্ষকের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল ও বিনয়ী হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সম্মান করা মানে জ্ঞান ও শিক্ষার প্রতি সম্মান দেখানো।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আশুতোষ দাশকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


