সাজেক-মিজোরাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

0

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের প্রায় ১৫১ কিলোমিটার এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে ২৪ ঘণ্টা টহলের পাশাপাশি যুক্ত করা হয়েছে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম। বাড়ানো হয়েছে জনবল ও টহল সক্ষমতাও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার ২৭ বিজিবি মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ এলাকার উদয়পুর, নতুনপাড়া, কিঙ্করপাড়া, ভুইয়াছড়া, তারাবুনিয়া ও কমলাপাড়া সীমান্তে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাজেকের প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে। করোল্লাছড়া, ব্যাটলিং, শিয়ালদাহ, তুইছুই, কানতালাং, নিউ থাংনাগ ও উদলছড়ি সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‌‘অতীতের অভিজ্ঞতার আলোকে মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। উদয়পুর, কমলাপাড়া ও তারাবুনিয়ার মতো এলাকায় অতীতে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চেষ্টার ঘটনা রয়েছে। আগে এসব এলাকায় মূলত পায়ে হেঁটে টহল দেওয়া হলেও এখন উদয়পুর এলাকায় নতুন করে পেট্রোল ভেহিকেল মোতায়েন এবং জনবল বাড়ানো হয়েছে। এর মাধ্যমে নিরবচ্ছিন্ন টহল ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির পাশাপাশি সীমান্তবর্তী পাহাড়ি জনগোষ্ঠীকে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে নতুন তথ্যের উৎস তৈরি করে নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এসব উদ্যোগের মাধ্যমে সীমান্তে অপ্রীতিকর ঘটনা, নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিজিবির এই কর্মকর্তা।

৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, সাজেকের দায়িত্বপূর্ণ প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।