বিজিবি সদস্যকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, গ্রেপ্তার ১

0

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশায় এক বিজিবি সদস্যকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হক সাহেব প্রকাশ আবুল খালেক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া একটি ব্রেসলেট ও একটি রুপার আংটি উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (১৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর কলেজ গেটের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁকে খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব দুয়ারু এলাকায় ফেলে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় মো. হক সাহেব প্রকাশ আবুল খালেককে আটক করে। সে নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিবি সাবেরা (২৬) খাগড়াছড়ির গুইমারা বিজিবি হাসপাতালে কর্মরত। গত বুধবার সকালে তিনি ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকা থেকে মিরসরাই পৌরসদরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন।

এজাহারে বলা হয়, নিজামপুর কলেজ গেটের উত্তর পাশে পৌঁছালে অটোরিকশার গতি কমিয়ে কয়েকজন যাত্রী নেমে যান। এ সময় একজন তাঁকে ধাক্কা দিয়ে অটোরিকশার ভেতরে ঠেলে দেন। পরে আরেকজন তাঁর কোলে বসে পড়েন। তিনজন মিলে তাঁর হাত ও মুখ চেপে ধরে মারধর করেন। একপর্যায়ে তাঁর চোখ ও মুখে মলমজাতীয় পদার্থ লাগিয়ে দেওয়া হয়।

এরপর ছিনতাইকারীরা দুটি স্বর্ণের দুল, দুটি স্বর্ণের আংটি, একটি ইমিটেশনের ব্রেসলেট ও একটি রুপার আংটি এবং ব্যাগে থাকা ৪ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।

পরবর্তীতে তাঁকে খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব দুয়ারু এলাকায় ফেলে যাওয়ার ভুক্তভোগী বিজিবি সদস্যের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আবুল খালেককে আটক করা হয়। অজ্ঞাতনামা বাকীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে মিরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল খালেককে হেফাজতে নেয়। পরে তাঁর দেহ তল্লাশি করে বিজিবি সদস্য বিবি সাবেরার শনাক্ত করা একটি ইমিটেশনের ব্রেসলেট ও একটি রুপার আংটি উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভত্তি করা হয়।

এ ঘটনায় বিজিবি সদস্য বিবি সাবেরা বাদী হয়ে মো. হক সাহেব প্রকাশ আবুল খালেকসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা করেছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইয়ের ঘটনা বিজিবি সদস্য বিবি সাবেরা বাদী হয়ে আটক মো. হক সাহেব প্রকাশ আবুল খালেকসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।