টানা কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকাসহ বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন কয়েক হাজার পরিবার। একই সাথে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলো চরম ভূমিধসের ঝুঁকিতে পড়েছে। অতিবৃষ্টির কারণে উপজেলার নিচু এলাকার বিপুলসংখ্যক মানুষ গৃহবন্দী এবং মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন। ইতিমধ্যে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র ও কন্টোল রুম। গত কয়েকদিন ধরে গৃহবন্দী ও ক্ষয়ক্ষতির সম্মুখীনে পড়া মানুষদের শুকনো খাদ্য ও নগদ সহায়তাও প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে ফিরিয়ে আনতে তাগিদ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এসময় তিনি গৃহবন্দী হয়ে পড়া পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করেন।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসনের এ কার্যক্রম। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র ও কন্টোল রুম। গত কয়েকদিন ধরে গৃহবন্দী ও ক্ষয়ক্ষতির সম্মুখীনে পড়া মানুষদের শুকনো খাদ্য সহায়তা এটি অব্যাহত রয়েছে।


