ভূমি সেবা সপ্তাহে এসিল্যান্ডের গণশুনানি, স্বতঃস্ফুর্তভাবে সেবাপ্রার্থীদের অংশগ্রহণ

0

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) সকালে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

সকাল সাড়ে দশটায় আনোয়ারা উপজেলা ভূমি অফিস কার্যালয়ের আঙিনায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সভাপতিত্বে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কক্ষে আলোচনার সভার মধ্যদিয়ে শেষ হয়।

এরপরই দুপুর বারোটা থেকে বিকেলে চারটার পর্যন্ত কার্যালয়ের বাইয়ে গণশুনানির আয়োজন করেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এতে বিপুল সেবা প্রার্থীরা স্বতঃস্ফুর্তভাবে শুনানিতে অংশগ্রহণ করেন। বিকেলে চারটা পর্যন্ত নামজারী, মিস মামলাসহ ১৫টির অধিক মামলা তিনি নিষ্পত্তি করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনদিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত গণশুনানিতে এসিল্যান্ড নামজারী মামলা বা মিছ মামলার বাদী-বিবাদীদের বক্তব্যে শুনে সাহেদুল ইসলাম, দিলোয়ারা বেগম, রিজল সিংহ, আইয়ূব খান, নাঈম উদ্দিন, শান্ত কুমার ধর, রতন কান্তি, টিটু কান্তি দাশ, আকতার হোসেন, আকতার হোসেন, মোহাম্মদ ইউনুস, মোরশেদ আলমসহ প্রায় ১৫টির অধিক ব্যক্তির মামলা নিষ্পত্তি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রাথীদের সঙ্গে কথা বলেন।

অন্যদিকে কর্ণফুলী উপজেলা পরিষদে সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। সকালে ভূমি অফিস আঙিনায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘এ উপজেলার মানুষদের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের এই ভূমি সেবা সপ্তাহ। সেবার প্রথমদিনে সেবাপ্রার্থীদের জন্য গণশুনানির আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফুর্তভাবে সেবাপ্রার্থীরা অংশগ্রহণ করেন। এটি করার উদ্দেশ্য হচ্ছে, যাতে প্রতারক বা দালালদের খপ্পরে পড়ে কোনো সেবা প্রার্থী হয়রানি শিকার না হয়।’

তিনি আরও বলেন, কোনো মাধ্যম বা দালাল না ধরে সরাসরি আমার কাছে এসে সেবা নিতে অনুরোধ করা হচ্ছে সকলকে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।