৬ মাসের মধ্যে ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩ ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার। ওয়ার্ড তিনিটি হল লালখান বাজার, জামালখান ও বাগমনিরাম।
মঙ্গলবার (১২ মার্চ) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন৷
এসময় মেয়র জানান, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ডিশ, ইন্টারনেট সংযোগ ক্যাবল ব্যবস্থাপনা হলে বৈদ্যুতিক পিলারে দুর্ঘটনা কমবে, শহরের সৌন্দর্য বাড়বে৷ আবার তার কাটা ও চুরি রোধ হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হবে। বাণিজ্যিক নগরী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের যে গুরুত্ব আছে তা ম্লান হয়ে যাচ্ছে তারের জঞ্জালের জন্য। নগরীর সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে তারের জঞ্জাল অপসারণ করতে চাই। আগামী ৬ মাসের মধ্যে প্রাথমিকভাবে ৩টি ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নিব আমরা৷ এরপর তিন ওয়ার্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরো নগরীর ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নিব আমরা৷
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর শৈবাল দাস সুমন, আবুল হাসনাত মো. বেলাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলামসহ চসিক ও সামিট কমিউনিকেশন্স লিমিটেডের কর্মকর্তারা।



মন্তব্য নেওয়া বন্ধ।