মহিষের সঙ্গে এ কেমন শত্রুতা!

0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরাচর এলাকায় এক খামারির দুটি মহিষের অণ্ডকোষ কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকালে পংগির দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিষ দুটির মালিক স্থানীয় বাসিন্দা শফিউল আজম। সকালে মহিষ দুটিকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মহিষ দুটিকে হত্যা করে তাঁকে সর্বস্বান্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভরাচর এলাকার পংগির দ্বীপে স্থানীয় কয়েকজন খামারি গরু ও মহিষ পালন করেন। শফিউল আজমের সেখানে প্রায় ২০টি মহিষ ছিল। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তিনি মহিষগুলো দ্বীপ এলাকায় রেখে বাড়িতে চলে যান। রোববার সকাল ১০টার দিকে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় মহিষ দুটির অণ্ডকোষ কেটে ফেলার দৃশ্যও দেখতে পান তিনি।

শফিউল আজমের ছেলে নাজিম উদ্দীন (২৭) এ ঘটনায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। তাঁর দাবি, দুটি মহিষ হত্যায় প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। মৃত মহিষ দুটি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মহিষের সঙ্গে এ কেমন শত্রুতা!’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।