মানুষ বৈষম্যবিরোধী একটা সরকার চায়: শামসুল ইসলাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, মানুষ এখন মুক্তি চায় এবং বৈষম্যবিরোধী একটা সরকার চায়। এমন একটা সরকার চায় যেখানে শোষণ-বঞ্চনা থাকবে না। যেখানে ঘুষ-দুর্নীতি, অত্যাচার-নির্যাতন থাকবে না সেরকম একটা সরকার দেশের সকল মানুষ চায়। আমরাও সেই পক্ষে আছি।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ার মডার্ণ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি শামসুল ইসলাম আরও বলেন ঘুষ-দুর্নীতি ছাড়া কোনো উন্নয়নের কাজ হয় না। এরকম করে গত ১৬ বছরে দেশটাকে আগুনের রাজ্যে পরিণত করা হয়েছিল। যেখান থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। ছাত্র-শ্রমিক, মেহনতী মানুষ ঐক্যবদ্ধ হওয়াতে স্বৈরাচার সরকার দেশ পালাতে বাধ্য হয়েছে। ইসলামের পক্ষে এবং ওই সরকারের বিরুদ্ধে কথা বললেই রাজাকার ডাকা হতো।

তিনি বলেন, স্বৈরাচার সরকার ১৬ বছর ধরে অত্যাচার নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, দেশকে শেষ করে দিয়েছে, কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষকে কথা বলতে দেয় নাই; মামলার পরে মামলা দিয়েছে। এমনভাবে অত্যাচার করেছে আয়নাঘর নামে ঘর তৈরি করে সেখানে অনেক নিরপরাধ লোককে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মো. তাসলিম, উপদেষ্টা মো. জাফর সাদেক, সহ-সাধারণ সম্পাদক মো. ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, উপদেষ্টা ড. হেলাল উদ্দিন মো. নোমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস.এম লুৎফুর রহমান, দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোছাইন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আসাদুল্লাহ ইসলামাবাদী এবং উপদেষ্টা আবুল কালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।