চট্টগ্রামের মিরসরাইয়ে পাওনা টাকাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। একই অভিযানে অপহরণের শিকার মো. মহসিনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অটোরিকশা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরের আবজাল সারেং বাড়ির মৃত আবুল কালামের ছেলে মো. আকরাম (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৮), সন্দ্বীপ পৌরসভার চাঁন মিয়া হাজি বাড়ির জসিম উদ্দিনের ছেলে মো. তাইজুল (২২), একই এলাকার অলিমন্দের বাড়ির জোবাঈদুল ইসলামের ছেলে মো. ইমন (২৬) এবং খুরশেদ সুকানীর বাড়ির আশ্রাফুলের ছেলে মো. ইউনুছ (২৩)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে মো. মহসিন নামে এক ব্যক্তিকে অপহরণ করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নিয়ে যাওয়া হয়। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অপহৃত মহসিনের মা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে গ্রেফতারের পাশাপাশি মহসিনকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।


