চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নজুরপাড়া এলাকায় চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচটি পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটানোর আশঙ্কায় পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুপুরের দিকে একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও দাহ্য উপকরণে তৈরি ঘর থাকায় আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে খোরশেদ আলমের একটি পাকা বসতঘর এবং মাওলানা খোরশেদ আলম, শহর আলী, আহমদ আলী ও নুরুল হকের মালিকানাধীন কাঁচা বসতঘর রয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুন সবকিছু পুড়িয়ে দিয়েছে। এখন থাকার জায়গা নিয়েই দুশ্চিন্তা।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সহায়তার বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।