চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের গোলাম বেপারী হাট এলাকায় নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ মে) এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। তিনি জানান, অভিযানে নদীর তীর সংলগ্ন এলাকায় নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের সময় সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আটককৃতরা হলেন—জিয়াউর রহমান, মো. হাসান, মো. সোহেল, মো. ফারুক হোসেন, মো. ইউসুফ, মো. সাদেক ও মো. আব্দুল আজিজ।
ইউএনও কামরুল হাসান বলেন, যেখানে বালু উত্তোলন হচ্ছিল, সেই এলাকায় অনুমতি থাকলেও নদীর তীর ঘেঁষে উত্তোলন করা ঝুঁকিপূর্ণ ও নিয়মবহির্ভূত। তাই এদের আটক ও সাজা দেওয়া হয়েছে। ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



মন্তব্য নেওয়া বন্ধ।