চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মহান মে দিবস উপলক্ষে সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৪১৪)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে পোমরা সৌদিয়া গেইট থেকে র্যালিটি শুরু হয়ে গোচরা চৌমুহনী বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ার সিএনজি চালকরা নানামুখী সমস্যার মধ্যে রয়েছেন। তারা পুলিশি হয়রানি বন্ধ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিএনজি ফিলিং স্টেশন দ্রুত চালু এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র তৈরির ক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার বন্ধ থাকা সিএনজি ফিলিং স্টেশন পুনরায় চালু হলে প্রায় ২০ হাজার চালক সরাসরি উপকৃত হবেন। এতে চালকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় ভোগান্তিও কমবে।
এ সময় শ্রমিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবুল বশর, শ্রমিক নেতা মোহাম্মদ হারুন খান, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সভাপতি অজিত মহাজন, পোমরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৈয়দুল আলম, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলামসহ ইউনিয়নের নেতা-কর্মী ও সিএনজি চালকরা।


