চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়নে ফারজানা আকতার বকুল (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ মার্চ) সকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পোমরা নবাবী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বামী মো.ইসমাইল আরব আমিরাত প্রবাসী। তাঁর ৫ বছরের দুই যমজ সন্তান রয়েছে।
নিহত গৃহবধূর ভাই মো.পারভেজ বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে জানতে পারি আমার বোন আত্মহত্যা করেছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি আমার বোন মারা গেছে। তবে মূল ঘটনা কি এখনো জানি না।’
স্থানীয় ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি বলেন, ‘পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে ওই গৃহবধূর মৃতদেহ বাথরুমের দরজার পাশে দেখতে পায়। তবে শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ তাঁর সাথে অন্য আরেক ব্যক্তির পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজন ও মেয়ের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা ঝামেলা চলে আসছিল।’
তিনি আরও জানান, ‘এ বিষয়ে সামাজিকভাবে সমঝোতা করার জন্য একটি বৈঠক করার কথা ছিল। কিন্তু দুই পরিবারের লোকজনের অনুপস্থিতির কারণে বৈঠকটি করা সম্ভব হয়নি। এরই মধ্যে ওই গৃহবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে আমি ও তাঁর পরিবারের সহযোগিতায় ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মিলকী বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বিষ পানের মাধ্যমে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এমএফ


