চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে টাইলসবোঝাই পিকআপভ্যানের সজোরে ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে টাইলস নিয়ে পিকআপভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফকিরহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকের পাশে থাকা ইসমাইল গাড়ির ভেতরে আটকা পড়েন।
পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যান।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফসার জানান, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।


