জলদস্যু নির্মূলে কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

0

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বাণিজ্যিক জাহাজ, মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তায় টহল ও নজরদারি জোরদার করা হয়। সম্প্রতি এসব এলাকায় জলদস্যু ও ডাকাতদের সম্ভাব্য হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে এ অভিযান চালানো হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জলদস্যু ও ডাকাতদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হয়েছে। অভিযানে আধুনিক জাহাজ, উচ্চগতির স্পিডবোট, রাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে সমুদ্রসীমায় চলাচলকারী বিভিন্ন জলযান ও সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

কোস্ট গার্ড বেইস কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ডের তথ্যমতে, কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ এবং কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়া স্টেশনের সদস্যরা যৌথভাবে এ অভিযানে অংশ নেন।

দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।