সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসব, সাজবে ১৪০ প্রজাতির ফুলে

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ৯ জানুয়ারি থেকে ফৌজদারহাটের ডিসি পার্কে শুরু হওয়া এই উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা প্রশাসন সূত্র জানায়, উৎসব উপলক্ষে ডিসি পার্ক সাজানো হবে ১৪০ প্রজাতির ফুলে। ফুল ও জলাশয় মিলিয়ে পার্কটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এতে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসব উপভোগ করতে পারবেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এটি ডিসি পার্কে চতুর্থবারের মতো ফুল উৎসব। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা এবং নির্বাচনে গণভোট বিষয়ক একটি স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন।

উৎসবে ফুডকোর্ট, দর্শনার্থীদের বসার স্থান, সেলফি কর্নার, হাঁটার উন্মুক্ত পথ, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৪ জানুয়ারি ফৌজদারহাট-বন্দর লিংক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এতে প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের ১৯৪.১৮ একর খাস জমি উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল, রেস্তোরাঁসহ প্রায় ১শ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।