বান্দরবানের আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন এবং এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার পোয়ামুহুরী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার (১৫ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।
নিহতের নাম মেনথ্যাং (৪০), তিনি মিয়ানমারের নতুন পাড়া এলাকার তাংলাইয়ের ছেলে। আহত বাংলাদেশি যুবক ম্যাংসার মোরং (৩০) আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাংওয়ান মোরং।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুজন ‘জুম খেত’ পরিদর্শনে গেলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইনের ওপর পা পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিয়ানমারের নাগরিক মেনথ্যাং। গুরুতর আহত অবস্থায় বাংলাদেশের নাগরিক ম্যাংসার মোরং কোনোরকমে নিজ এলাকায় ফিরে আসেন।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা ঘটনাটি জেনেছি। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো এখনও সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনাস্থল সম্পূর্ণ মিয়ানমারের অভ্যন্তরে হলেও সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।