সরকারি কর্মসূচির অংশ হিসেবে দীর্ঘ ৫ বছর পর নিজ এলাকা সন্দ্বীপে এসে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি সীতাকুণ্ডের কুমিরা ঘাটে এসে পৌঁছান। এসময় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে সন্দ্বীপ থানার একটি চৌকস দল সিইসিকে গার্ড অব অনার প্রদান করে। সেখান থেকে তিনি মুছাপুর নানার করব জেয়ারত করে সারিকাইত ইউনিয়নে তার নিজ বাড়ি কাজী বাড়িতে অবস্থান করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, স্যার দু’দিন সন্দ্বীপ অবস্থান করবেন। আগামীকাল রোববার সকাল ১১ টায় উপজেলার কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া নিজেদের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন।
তিনি আরও বলেন, এই দুদিন স্যার তার নিজ বাড়িতেই থাকবেন। সে জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে পাঁচজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া অন্যান্য ইসি পদে নিয়োগ পেয়েছেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
এমএফ


