চট্টগ্রামের আনোয়ারার হযরত শাহ্ মোহছেন আউলিয়া রহ. মাজারের বক্সের লকার থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে ৯ লাখ ৮২ হাজার টাকা। ঘটনার ৫ দিনপর গত রোববার (১৩ জুলাই) রাতে থানায় মামলা করেছেন মাজারের মোতোয়াল্লী এসএম ফজলুর করিম (৮৬)।
এরআগে মঙ্গলবার (৮ জুলাই) রাতে মাজারের অফিসের চুরির ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করেন। ঘটনার এক সপ্তাহ পর বিষয়টি জানাজানি হলে উঠে আলোচনা সমলোচনার ঝড়। রহস্যময় চুরি ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে নানান কৌতুহল। তবে এবিষয়ে কথা বলতে নারাজ মাজার পরিচালনা কমিটির সদস্যরাসহ কেউ।
মামলার বিষয়টি মঙ্গলবার রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন নিশ্চিত করে বলেন, ‘এঘটনায় একটি মামলা করেছেন মাজারের মোতোয়াল্লী। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।’
মামলার এজাহার সূত্র জানায়, মাজারের অফিস কক্ষের ভিতরে রাখা একটি কাঠের বাক্সের লকারে দুইটি তালা ভেঙে ৯ লাখ ৮২ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া টাকার মধ্যে মাজারের অফিসিয়াল ফান্ড, এতিমখানার তহবিল, খাদেমদের ভাতা এবং মিলাদুন্নবীর আয়োজনে সংগৃহীত অর্থ ছিল। এসব টাকা গত ২০ জুন ওরশ থেকে হাদিয়ার টাকা বলে এজাহারে উল্লেখ করেন।
আরও উল্লেখ করেন, চুরির আগের দিন রাত এগারোটা পর্যন্ত অফিসে মিটিং করছিলেন মুতাওয়াল্লি। পরেরদিন সকালে এসে দেখেন বক্সের তালা ভাঙা, নেই কোনো টাকা।
সিসি ক্যামেরা থাকলেও সেদিন কোনো এক অদৃশ্য কারণে সিসি ক্যামরাও বন্ধ থাকে বলে জানা গেছে। রহস্যজনক চুরির ঘটনারপর মাজারের ভক্ত ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে নানান কৌতুহল।



মন্তব্য নেওয়া বন্ধ।