চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে ঝুম বৃষ্টির ফলে অনেক সড়কে হাঁটু পরিমাণ পানি জমে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ।
নগরের জিইসি মোড়, দুই নম্বর গেট, বাকলিয়া, আগ্রাবাদ, চান্দগাঁও, কসমোপলিটান আবাসিক এলাকা সহ একাধিক জায়গায় জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হয়। এতে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটও দেখা দেয়।
জলাবদ্ধতাকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে পরিবহন চালকদের বিরুদ্ধে। বিশেষ করে সিএনজি অটোরিকশা ও রিকশাচালকরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। কসমোপলিটান এলাকার বাসিন্দা নাজমা বলেন, ছেলেকে স্কুলে নিতে বের হয়ে দেখি পুরো রাস্তা পানিতে তলিয়ে গেছে। রিকশায় উঠতে বাধ্য হই, কিন্তু ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিয়েছে।
নগরবাসীর দাবি, বর্ষা এলেই জলাবদ্ধতার দৃশ্য নিয়মিত হয়ে গেছে। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, চট্টগ্রামে সোমবার সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় ৫৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও দুয়েকদিন থাকতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে।



মন্তব্য নেওয়া বন্ধ।