চাকরিচ্যুতদের বিক্ষোভে পটিয়ায় ২০ ব্যাংকের কার্যক্রম বন্ধ

চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে অন্তত ২০টি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা ব্যাংক শাখা ও এটিএম বুথ অবরোধ করে রাখায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভকারীরা জানান, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারীকে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। তাঁদের বড় অংশই পটিয়া উপজেলার বাসিন্দা। এ ঘটনায় তারা দীর্ঘদিন ধরে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

সকাল ৭টায় পটিয়া আদর্শ বিশ্ববিদ্যালয় মাঠে জড়ো হয়ে তারা বিভিন্ন ব্যাংকের সামনে অবস্থান নেন। এতে ৬টি সরকারি ও ১৪টি বেসরকারি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ব্যাংক সেবা নিতে এসে ফিরে যেতে হয় অনেক গ্রাহককে।

জনতা ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেন, দুই দিনের ছুটির পর আজ গ্রাহকের চাপ বেশি থাকলেও বিক্ষোভের কারণে সেবা দেওয়া সম্ভব হয়নি।

পটিয়া থানার ওসি মো. নূরুজ্জামান জানান, পুলিশ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে এবং ব্যাংক চালু করে জনগণের ভোগান্তি কমাতে আন্দোলনকারীদের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।