জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, গ্রেপ্তার ১৫

দীর্ঘদিনের আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবশেষে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে যৌথ এ অভিযানে পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের আধিপত্য স্থায়ীভাবে বন্ধ করতে সেখানে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পৃথক দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেন, “জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও র‍্যাবের আলাদা ক্যাম্প বসানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান এখনও চলমান।

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‌২০০৩ সাল থেকে একটি চক্র সরকারি নিয়মকানুন উপেক্ষা করে এখানে অবৈধভাবে জমির কাগজ তৈরি, জমি দখল ও হস্তান্তরের কার্যক্রম চালিয়ে আসছিল। পরিস্থিতি এমন ছিল যে, সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও এলাকায় প্রবেশ করতে ভয় পেত।

তিনি বলেন, অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা অংশ নেন। সম্মিলিত এ অভিযানের মাধ্যমে এলাকায় রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।