বিএম ডিপোতে অগ্নিকাণ্ড : মৃত্যুর মিছিলে যোগ হলো আরো একজন

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ হয়ে আহতদের আরও একজন চলে গেলেন না ফেরার দেশে। নিহত ব্যক্তির নাম নুরুল কাদের, তিনি বাঁশখালীর অধিবাসী।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮-এ।

রোববার (১২ জুন) দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। একই দিন ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাউসুল আজম নামের এক ফায়ার ফাইটার।

নুরুল কাদের মারা যাওয়ার বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন পার্কভিউ হসপিটাল এর ডিজিএম মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, পার্কভিউ হসপিটাল চিকিৎসাধীন থাকা নুরুল কাদের নামে আরেক ব্যক্তি আজ দুপুর ২টা বাজে মারা যান। তিনি এর আগে লাইফ সাপোর্টে ছিলেন।

প্রসঙ্গত, ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিদগ্ধ শতাধিক শ্রমিক, কর্মকর্তা।

শ্রম মন্ত্রণালয় থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকার চেক দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ৫০ হাজার ও আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

মন্তব্য নেওয়া বন্ধ।