কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া ও হ্নীলা এলাকায় আলাদা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের করাচি পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- জাকির আহমদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্লাহ (২২)। তারা কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়ার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের টেকনাফ বাসস্ট্যান্ডে ডেকে নেয়। পরে সিএনজি অটোরিকশায় করে রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করে। এ সময় অপহরণকারীরা তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন।
আ. ম. ফারুক আরও বলেন, ‘অপহরণকারীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


