সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকারের ডাক পেলেন চট্টগ্রামের ৩৬ নেত্রী

0

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে চট্টগ্রাম থেকে ৩৬ জন নারী নেত্রীকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শনিবার (১৮ এপ্রিল) বিকেল রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সংরক্ষিত ৫০ আসনের মধ্যে বিএনপি জোটের জন্য বরাদ্দ রয়েছে ৩৬টি আসন। ফলে মনোনয়ন বোর্ড যাদের চূড়ান্ত করবে, সমসংখ্যক প্রার্থী থাকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিন, ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই এবং আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপ্রত্যাশী নেত্রীরা বলছেন, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, মামলা-হামলা সহ্য করা এবং দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ত্যাগের পাশাপাশি সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারার মতো জ্ঞান, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হবে।

সংরক্ষিত আসনে মনোনয়ন চাওয়া প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা বাংলানিউজকে বলেন, ‘আমি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে চেয়েছিলাম, তবে দল মনোনয়ন দেয়নি। তবুও আমি দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে দলের পক্ষে কাজ করেছি’।

সংরক্ষিত আসনে মনোনয়ন প্রসঙ্গে জাসাসের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমা সাঈদ বাংলানিউজকে বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে ঝুঁকি নিয়েও আমি দীর্ঘদিন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলাম। অনলাইন ও অফলাইন-উভয় মাধ্যমেই দলের পক্ষে ভূমিকা রেখেছি। দলীয় আদর্শে অটল থাকতে গিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়া এবং চাকরি হারানোর মতো ত্যাগ স্বীকার করলেও কখনো আদর্শ থেকে বিচ্যুত হইনি’।

চট্টগ্রাম থেকে সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর স্ত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, নাজমা আকতার, ডা.ফারহানা আফরোজ চৌধুরী, আফরোজা বেগম, মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী, এস এম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার, ফরিদা আকতার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নাজনীন মাহমুদ, জেলী চৌধুরী, গোলতাজ বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা, ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী আঁখি, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার, সুলতানা পারভীন, জেসমিনা খানম, জিনাতুন নেছা জিনু, ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা ও আয়শা আকতার সানজি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।