চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে হোরারবাগ এলাকায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, অভিযানে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণসহ সালাহউদ্দিন রুমি (৫১) এবং সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুই ভাই কে আটক করা হয়েছে।
তিনি জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৬ টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। তারা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো ও বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে অস্ত্র বেচাকেনার ব্যবসা করে আসছিল।
আটক দুই ভাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য নেওয়া বন্ধ।