চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন—সুবেদার বাড়ির সৌদি প্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান (৪) এবং একই এলাকার প্রবাসী আব্দুল হান্নানের ছেলে আহাম্মদ (৫)।
স্থানীয় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম জানান, শিশুরা নিয়মিত একসাথে খেলাধুলা করত। ঘটনার দিনও খেলার ছলে বাড়ির পাশের একটি পুকুরে নামে তারা। একপর্যায়ে সবার অজান্তে তারা পানিতে তলিয়ে যায়। পাশের এক গৃহবধূ পুকুরে নামলে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই গ্রামের দুটি পরিবারের শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।



মন্তব্য নেওয়া বন্ধ।