ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি যাকাত তহবিল দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এই তহবিলকে আরও শক্তিশালী করা গেলে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি যাকাত তহবিল থেকে প্রাপ্ত অর্থকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। গবাদিপশু পালন, হাঁসমুরগি খামার, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন কিংবা কুটির শিল্প স্থাপন করে নিজেকে স্বাবলম্বী করতে হবে।
তিনি আরও বলেন, এই ধরনের আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হবে, যা দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি সরকারি যাকাত ফান্ডে নিয়মিত যাকাত প্রদানের আহ্বান জানান এবং বলেন, যদি সবাই এগিয়ে আসে, তাহলে এই তহবিলের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য বদলে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে মোট ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিল হতে ৬ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক সরদার সরোয়ার আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ধর্ম উপদেষ্টা নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুই শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।