“হাটহাজারী থানা ছাড়বো না, হালদা থানায় যাবো না” — এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন। প্রস্তাবিত নতুন হালদা থানায় ইউনিয়নটিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিরুদ্ধে মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় ব্যাপক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। পরে উপজেলার বিভিন্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শত শত স্থানীয় বাসিন্দা।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর মাদার্শা ইউনিয়ন থেকে হাটহাজারী থানার দূরত্ব খুবই কম, এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজলভ্য। চারদিকে সড়ক থাকায় যাতায়াতের সুবিধা রয়েছে। অন্যদিকে, প্রস্তাবিত হালদা থানা অপেক্ষাকৃত কম দূরত্বে হলেও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলেই কোমরসমান পানি জমে যায়, একটিমাত্র সড়কেই নির্ভর করতে হয়।
বক্তারা বলেন, এই ঐতিহ্যবাহী ইউনিয়ন থেকে বহু গুণীজনের জন্ম হয়েছে। তাই উত্তর মাদার্শাকে হালদা থানার অন্তর্ভুক্ত করা হলে তা ইতিহাস ও ঐতিহ্যের অবমূল্যায়ন হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি’র সভাপতি নুরুল আলম মফিজ, বিএনপি নেতা নুরুল আলম মেম্বার, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী কাজী আকতার হোসেন বাদল, মো. জসিম উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ মেম্বার, সাংবাদিক কে.এম. মনজুরুল হক (জাহেদ), ব্যাংকার আরিফ, জাসাস নেতা খোরশেদ আলম, ছাত্রদল নেতা গিয়াসউদ্দিন রিচার্ড, শিক্ষানুরাগী মো. মনজু, জালাল উদ্দিন চৌধুরী, শাহিন খান, দেলোয়ার মেম্বার, বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়নের সভাপতি মো. সানাউল্লাহ, মো. হোসেনসহ আরও অনেকে।



মন্তব্য নেওয়া বন্ধ।