চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বারখাইন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে ব্যাংকের নিচতলায় আগুন দেখতে পান দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। পরে তারা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার জানালার কাঁচ ভেঙে ভেতরে ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যাংকের নিচতলায় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে তাঁরা সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ জানান, এ ঘটনায় ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এটি ককটেল বিস্ফোরণের ঘটনা নাকি কেবলই অগ্নিসংযোগ, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকটিতে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যাংকের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


