শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রায় ৩ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নিয়েছেন চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এসব বস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় এলাকায় প্রথম ধাপে ৯০০ জন সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন অ্যাডভোকেট নুরুল কবির রানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় চাতরী ইউনিয়নের কৈনপুরা, কেঁয়াগড়, সিংহরা ও চাতরী নাথপাড়ায় পর্যায়ক্রমে প্রায় ৩ হাজার মানুষের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হবে। পূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করবেন।
অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানেরও প্রতীক। উৎসবের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।


