চট্টগ্রাম বন্দর ঈদুল ফিতরের সাতদিনের ছুটিতে অপারেশনাল সক্ষমতা বজায় রেখে ৫৪ হাজার ৮৯৮ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে।
জানা গেছে, গত ১৭ মার্চ থেকে গত সোমবার পর্যন্ত বন্দরে ২৫ লাখ ৮ হাজার ৬১৪ টন কার্গো ও ৬৪টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি কার্গো ২৩ লাখ ৬১ লাখ ৭৮৬ টন এবং রপ্তানি ১ লাখ ৪৬ হাজার ৮২৮ টন। একদিনে সর্বোচ্চ ৪ লাখ ৩৪ লাখ ৪৩৪ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।
কন্টেইনার হিসাব অনুযায়ী, আমদানি ২৮ হাজার ৯৬১ টিইউএস এবং রপ্তানি ২৫ হাজার ৯৩৭ টিইউএস। সর্বোচ্চ একদিনে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ১১ হাজার ৮৬১ টিইউএস।
বুধবার বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম জানান, ঈদের দিন সামান্য ধীরগতি থাকলেও পরের দিনগুলোতে কার্যক্রম স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জাহাজের অপেক্ষমান সময় শূন্যের কোটায় নেমে এসেছে।
বন্দরে ৫৯ হাজার টিইউএস ধারণক্ষমতার মধ্যে বর্তমানে ৪৩ হাজার ২০০ টিইউএস কন্টেইনার রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮১ টিইউএস ডেলিভারি দেওয়া হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।