খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে বলে জানান পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুর ইউসুফ অভিযোগ করে বলেন, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আল আমিনের নেতৃত্বে ৮-১০ জন যুবক জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
তিনি বলেন, পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা হয়।
অন্যদিকে বিএনপির জেলা সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি দাবি করেন, এ ঘটনায় জামায়াতের দুইজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী আহত হয়েছেন।
তিনি ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় বলে দাবি করে বলেন, এতে বিএনপি জড়িত নয়।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়। একজনের মাথায় আঘাত এবং আরেকজনের আঙুল ভেঙেছে।
আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


