চট্টগ্রাম বিভাগের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
শনিবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় আগামীকাল রবিবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে ৩৯ মিলিমিটার।
আবহাওয়ার এই পরিস্থিতিতে উপকূলীয় ও চট্টগ্রাম অঞ্চলে স্থানীয়ভাবে ভারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের ঝুঁকি থাকতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্কতা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।


