চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৯ জনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৩ জন ভর্তি হয়েছেন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, বিআইটিআইডিতে ২৪ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে দুজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ১৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৭৬ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৩৪২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন।
এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ২১ দিনেই মারা গেছেন ১২ জন।


