চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বজ্রপাতের পর একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিন ও বেড়ার তৈরি ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি স্কুলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফেরদৌসের (স্থানীয়ভাবে ‘মায়ার মা’ নামে পরিচিত) বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. মিজান জানান, বজ্রপাতের সময় ঘরের গ্যাসের চুলা জ্বালানো ছিল এবং ঘরের মালিক বাইরে ছিলেন। তাঁর ধারণা, বজ্রপাতের প্রভাবে গ্যাসের চুলা বা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।


