চট্টগ্রামে চলছে ঈদ জামাতের প্রস্তুতি

চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইতোমধ্যে সামিয়ানা টানানোসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সমাজকল্যাণ কর্মকর্তা মো. মামুন জানান, প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।

তিনি বলেন, “ঈদ জামাতের জন্য মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ। আগামীকাল মেয়র মহোদয় প্রস্তুতি পরিদর্শন করতে পারেন।”

প্রধান জামাতের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। লালদীঘির পাড়ে অবস্থিত চসিক শাহী জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া চসিকের তত্ত্বাবধানে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদেও পৃথক জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠ সকাল সাড়ে ৮টায় আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

এদিকে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে কার্পেট বিছানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের জামাতে অংশ নিতে পারবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।