চট্টগ্রামের আনোয়ারায় ভাড়ায় নিয়ে মিনিবাসের চালক ও সহকারীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
একইসাথে গাড়ি, চালক ও দুই সহকারীকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চালক ও সহকারীকে।
শনিবার (৯ মে) দুপুর আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ারা সদরের বাসিন্দা মো. জাহেদ (২৩), বরুমচড়া গ্রামের মো. রিমন (১৯) , নুরুল কবির (৪৩) ও নুরুল মোমিন (২১)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি মিনিবাস (হিউম্যান হলার) নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে যায়। ওইসময় কয়েকজন গাড়ীটি ভাড়া নিয়ে বরুমচড়া গ্রামে নিয়ে যায়। বরুমচড়া পৌঁছানোর পর অস্ত্রের মুখে চালক মো. শহিদুল ইসলাম দুই সহকারীকে জিম্মি করে যাত্রীবেশী অপহরণকারীরা। ওইসময় টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গাড়ির মালিক শফিউল আলমের মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে সরকারহাট গরুর বাজারে টাকা নিয়ে যেতে বলে।
এদিকে, এ ঘটনার পর পুলিশকে জানানো হলে শুক্রবার রাতে উত্তর বরুমচড়া থেকে প্রথমে মো. জাহেদ ও মো. রিমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাতেই মিনিবাসসহ চালক ও দুই সহকারীকে উদ্ধার করা হয়। পরে নুরুল কবির ও নুরুল মোমিনকেও গ্রেপ্তার করে পুলিশ।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া বলেন, অপহরণের ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক আছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও সহিংসতার একাধিক মামলা রয়েছে।


