চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

0

চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে মিছিলটি হয়েছে বলে ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে।

মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে হয়েছে বলে দাবি করা হচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও প্রকাশ করা হয়।

প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি সড়ক থেকে ২০ থেকে ৩০ জন কিশোর ও যুবক ব্যানার নিয়ে মূল সড়কে ওঠেন। তাদের মধ্যে চারজনকে সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। বিভিন্ন স্লোগান দেওয়ার পর দ্রুত সেখান থেকে সরে যান তারা।

তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ভিডিওটি সম্ভবত সকালের। বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।