চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৭ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে গ্রেফতার ৪৫ জন, পরোয়ানামূলে ৯২ জন এবং সাজা পরোয়ানা মূলে ২০ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ১১০ জন গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন মাদক বহনকারী ও ১০৭ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২৭ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১৩৭ জনকে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ৪৬ জনকে কারাদণ্ড এবং ১১ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ২৫টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ১৮ হাজার ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৫ গ্রাম গাঁজা ও ১০৭ লিটার ৪৫০ মিলিলিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


