চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৪ লেনের পরিকল্পনা চলছে

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মহাসড়কের একটি অংশের প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেজ-ওয়ানের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটি পিপিপি ভিত্তিতে অনুমোদিত হয়েছে। এই অংশের কাজ শুরু হতে যাচ্ছে এবং ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, প্রকল্পের মধ্যে ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভারও রয়েছে। এছাড়া অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলমান রয়েছে। এ বিষয়ে অর্থায়নের জন্য জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সঙ্গে আলোচনা চলছে।

সড়কমন্ত্রী বলেন, মহাসড়কের বাকি অংশ চার লেনে উন্নীত করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি স্বীকার করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম ব্যস্ত ১৫৯ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি রয়েছে। এ লক্ষ্যে একাধিকবার সমীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যেসুইডিশ কনসালট্যান্ট নামের একটি প্রতিষ্ঠান সমীক্ষা পরিচালনা করে। তাদের প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন ধরা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।