চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগির ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেন (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেনের খামার থেকে মুরগি ক্রয় করতে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। তাদেরকে কৌশলে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লক্ষ ৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়।
পরে পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি রামদা, নগদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি কালো রংয়ের মুখোশ, ২টি কালো রংয়ের ক্যাপ এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের আজ দুপুর ২ টার দিকে আদালত সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশের টিম।


