চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কনটেইনার গায়েব

0

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড়ভর্তি একটি কনটেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ মে) রাতে নগরের বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৫) এবং বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত নোয়াখালীর সেনবাগ উপজেলার আবু সুফিয়ান (৪০)।

পুলিশ জানায়, চীন থেকে আমদানি করা গার্মেন্টস কাপড়ভর্তি একটি ৪০ ফুট কনটেইনার গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে কোনো একসময় বন্দরের জে আর ইয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়।

কনটেইনারটির নম্বর টিসিএলইউ-৮৫৫৭৩০৪। এতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড কনটেইনারটি আমদানি করে। পরে জাহাজ থেকে খালাস করে সেটি বন্দরের ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ শেষে কনটেইনারটি খালাস নিতে গেলে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কনটেইনার উধাও হয়ে যাওয়ার মামলায় বন্দরের দুই কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। বুধবার রাতে বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে বন্দরের আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।