চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে বিজ্ঞপ্তি ভুয়া

0

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এর সঙ্গে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে জানানো হয়, পরীক্ষাসংক্রান্ত সব সিদ্ধান্ত, সময়সূচি, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

কর্তৃপক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।