চট্টগ্রাম মেডিকেলে ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ অস্তিত্ব, থানায় মামলা

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে কেন্দ্র করে পরিচালিত কথিত ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ অস্তিত্বের প্রমাণ পেয়েছে পুলিশ। আদালতের নির্দেশে পরিচালিত তদন্ত শেষে রোববার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। একই ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

মামলায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড এবং সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, রোগী ও মরদেহ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, সিন্ডিকেটের বাইরে থাকা বৈধ অ্যাম্বুলেন্স ও ফ্রিজার গাড়িকে হাসপাতাল চত্বরে প্রবেশে বাধা দেওয়া, প্রতিবাদকারীদের হুমকি ও মারধর এবং ফিটনেস ও রুট পারমিট ছাড়া যানবাহনকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে প্রতারণা করা হয়েছে।

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, গত ৯ জুন আদালতের নির্দেশে তদন্ত পরিচালনা করে পুলিশ রোববার প্রতিবেদন জমা দেয়। একই সঙ্গে এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশে তদন্ত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সোহেল পারভেজ। তার দাখিল করা প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে অবৈধ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী ফ্রিজার গাড়ি প্রবেশে বাধা এবং ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।