চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে অ্যাম্বুলেন্স মালিক সমিতির হাতাহাতির ঘটনার একদিন পর অ্যাম্বুলেন্স ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘চমেক হাসপাতালের রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্সের ভাড়া পুনর্মূল্যায়ন পূর্বক যৌক্তিককরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা অংশ নেন।

সভা শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে অতিরিক্ত নেওয়া অর্থ সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দকে ফেরত দিতে হবে।

চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ জানান, তাদের পক্ষ থেকে ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও আলোচনা শেষে ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। নতুন ভাড়া সোমবার থেকেই কার্যকর হবে।

সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী বলেন, জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয়সহ সার্বিক খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আগামী তিন মাস এ ভাড়া বহাল থাকবে, পরে আবার পর্যালোচনা করা হবে।

সভায় মেয়র চমেক হাসপাতাল সংলগ্ন সড়কে অ্যাম্বুলেন্স পার্কিং নিয়েও নির্দেশনা দেন। তিনি বলেন, পাঁচলাইশ আবাসিক এলাকার মুখ এবং জাতিসংঘ পার্কসংলগ্ন খালি জায়গায় অ্যাম্বুলেন্স রাখতে হবে। হাসপাতাল এলাকার সড়কে সারিবদ্ধভাবে গাড়ি রেখে যানজট সৃষ্টি করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, রোববার (৭ জুন) সকালে নোয়াখালীর সোনাইমুড়িতে রোগী পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে বিকেলে চমেক হাসপাতালের পূর্ব গেট এলাকায় অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্যদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। রোগীর স্বজনদের অভিযোগ, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে অনেক সময় নির্ধারিত ভাড়ার তুলনায় দুই থেকে তিনগুণ বেশি অর্থ গুনতে হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।