চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের আগামী ১০ অক্টোবর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভার নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সমিতির উপ-আইন লঙ্ঘন করে ব্যবস্থাপকের স্বাক্ষরে সভার নোটিশ জারির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
গত ৮ অক্টোবর হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিট পিটিশন নম্বর ১৪৩৫৫/২০২৬-এর শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট নোটিশের বিষয়ে রুল জারি করে তিন মাসের জন্য সভার নোটিশ স্থগিত করেন।
রিট আবেদনে বলা হয়, সমিতির উপ-আইন অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সভা ও বার্ষিক সাধারণ সভা আহ্বানের ক্ষমতা একমাত্র সম্পাদকের। কিন্তু সেই বিধান উপেক্ষা করে ব্যবস্থাপকের স্বাক্ষরে নোটিশ জারি করে ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়।
এর আগে গত ১৬ মে একইভাবে সভাপতির স্বাক্ষরে বার্ষিক সাধারণ সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই সভার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশন নম্বর ৬০১০/২০২৬-এর পরিপ্রেক্ষিতেও হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিলেন।
একই সমিতির বার্ষিক সাধারণ সভা আয়োজন নিয়ে বারবার আদালতের শরণাপন্ন হতে হওয়ায় সাধারণ সদস্যদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সমিতির উপ-আইন মেনে সভা আহ্বান না করার অভিযোগের পেছনে কারা রয়েছেন এবং এর কারণ কী, তা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা চলছে।


