চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান ‘ইফতার বাজার’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সংস্থাটির একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রতিষ্ঠানের ভেতরে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশ, বিপুল পরিমাণ তেলাপোকা এবং ইঁদুরের বিষ্টা পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ‘ইফতার বাজার’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পাওয়া গেছে। এখানে যে পরিমাণ তেলাপোকা দেখা গেছে, তা অন্য কোনো প্রতিষ্ঠানে দেখা যায়নি। এছাড়া ভেতরে ইঁদুরের বিষ্টাও পাওয়া গেছে, যা খাদ্য প্রস্তুতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, জিলাপি তৈরির খামিরে ক্ষতিকর হাইড্রোজ মেশানো হয়েছে কি না তাও পরীক্ষা করা হয়েছে। তবে সেখানে এমন কোনো উপাদান পাওয়া যায়নি। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



মন্তব্য নেওয়া বন্ধ।